নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাজনৈতিক প্রধানদের কে কী বললেন

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে দেশের প্রধান রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতারা জনসভা, সমাবেশ ও প্রতীকী কর্মসূচির মাধ্যমে মাঠে নামেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে ভোট, গণতন্ত্র, নারীর নিরাপত্তা, দুর্নীতি দমন, ইনসাফ ও রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকারের পাশাপাশি উঠে আসে পাল্টাপাল্টি অভিযোগ।

বিজ্ঞাপন
banner

দেশকে বাঁচাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে: তারেক রহমান

দেশকে বাঁচাতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বহু মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। যদি আমরা এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের সূচনা করতে চাই এবং মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে ধানের শীষেই সিল মারতে হবে।”

তিনি বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ধানের শীষই মানুষের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার নিশ্চয়তা দিতে পারে।

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপি ক্ষমতায় থাকাকালে তুলনামূলকভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে উল্লেখ করে তারেক রহমান অভিযোগ করেন, দেশে আবারও ভোট চুরির ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকারের সময় মানুষ স্বাধীনভাবে কথা বলতে পেরেছে, কোনো গুম-খুন হয়নি।

যুব কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে তরুণদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

নারী-পুরুষ মিলেই আগামীর বাংলাদেশ: জামায়াত আমির

ঢাকার মিরপুরে আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়া হবে।

২২ জানুয়ারি (বৃহস্পতিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ডা. শফিকুর রহমান এর নির্বাচনী জনসভা

তিনি বলেন, কর্মক্ষেত্র ও রাস্তাঘাটে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তিনি বলেন, “মায়েদের ইজ্জত নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননা বরদাশত করা হবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, ভোট চুরি, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হলে ঘুণে ধরা রাজনৈতিক কাঠামোর পরিবর্তন জরুরি।

যা বলবো, জীবন দিয়ে বাস্তবায়ন করবো: আল্লামা মামুনুল হক

ঢাকা-১৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী আল্লামা মামুনুল হক মুক্তিযোদ্ধা, শাপলা চত্বর ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের সঙ্গে নিয়ে নির্বাচনী জনসভা করেন।

মোহাম্মদপুরে রিকশার পক্ষে প্রথম নির্বাচনী জনসভায় ১০ দলের মনোনীত ঢাকা-১৩ আসনের প্রার্থী মজলিস আমীর আল্লামা মামুনুল হক

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানকে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় ইসলাম ও দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়ে উঠেছে।

মোহাম্মদপুর-আদাবর ও শেরে বাংলা নগরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার করে তিনি বলেন, “আমরা যা বলবো, জীবন দিয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

শহীদ হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচারণা শুরু

মানুষ ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে।

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের সূতিকাগার থেকেই তাদের নির্বাচনী যাত্রা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এবং একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

এক সমাবেশে নাহিদ ইসলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সমালোচনা করে বলেন, প্রকৃত দরিদ্ররা এসব কার্ড পাবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার মাধ্যমে লুটেরা শ্রেণিকেই আবার ক্ষমতায় আনার চেষ্টা চলছে।

বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে উচ্ছেদের ইঙ্গিত হিসেবে আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসীরা ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়। তারা মিথ্যা আশ্বাস নয়, ন্যায়ের পক্ষে ভোট দেবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হতে হবে। কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া চলবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা মাঠে আছি, কোনো অন্যায় সহ্য করা হবে না।”

হাতপাখার পক্ষে মাঠে মুফতি ফয়জুল করীম

শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কোরআন-সুন্নাহর পক্ষে ভোট দিন : মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল সদর ও বাকেরগঞ্জ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।

তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম। শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কোরআন-সুন্নাহর পক্ষে ভোট দিন।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত বিশ্রাম নয়, সর্বোচ্চ পরিশ্রম করে মাঠে থাকতে হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222