আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৭১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে বিজিবির এসব সদস্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল কার্যক্রম শুরু করেন। নির্বাচনকালীন সময়জুড়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবির কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তারা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুরো জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ বিষয়ে বিজিবি রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রামের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহামুদুল হাসান বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
এদিকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এর পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
টিএইচএ/
