হাসান আল মাহমুদ >>
চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত ১৭ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে রাজধানীসহ সারাদেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের পর অনেক কেন্দ্রে দীর্ঘ সারি দেখা যায়। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ—সব বয়সী ভোটারদের অংশগ্রহণে অনেক কেন্দ্রে তৈরি হয় উৎসবের আবহ।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবার নিয়ে, কেউ প্রতিবেশীদের সঙ্গে ভোটকেন্দ্রে আসেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন।
তবে ভোটগ্রহণ চলাকালেই দেশের বিভিন্ন আসন থেকে অনিয়ম, ভয়ভীতি ও সহিংসতার একাধিক অভিযোগ উঠেছে, যা নির্বাচনকে ঘিরে উদ্বেগ তৈরি করেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের অভিযোগ
১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাঈদ অভিযোগ করেন, দেশের বিভিন্ন আসনে রিকশা প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদান, হুমকি ও হয়রানির ঘটনা ঘটেছে। তিনি অবিলম্বে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।
ঢাকা-১৩ আসনের ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে বৈধ এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোটারদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের বাড়ির ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
নেত্রকোনা-১ (দুর্গাপুর) উপজেলায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, ভোর ৩টা থেকে এজেন্টদের বাড়িতে গিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা কেন্দ্রে এক এজেন্টকে পিটিয়ে আহত করা এবং হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
গাজীপুর-৩ আসনে রাত থেকেই এজেন্টদের হুমকি দেওয়া এবং এক এজেন্টের পরিবারকে জিম্মি করার চেষ্টার অভিযোগ উঠেছে।
রাঙামাটি-২৯৯ আসনে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বিরুদ্ধে কেন্দ্রের ভেতরে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে আহ্বান জানানোর অভিযোগ এসেছে। সিরাজগঞ্জের কয়েকটি কেন্দ্রে বোরকা পরিহিত নারী ভোটারদের পুরুষ এজেন্টদের দ্বারা হেনস্তা ও জোরপূর্বক বোরকা খোলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বলা হয়েছে, পরিচয় নিশ্চিতকরণ শুধুমাত্র মহিলা কর্মকর্তার মাধ্যমে করা উচিত।
নরসিংদী-৩ আসনের পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগ উঠেছে।
ইসলামী আন্দোলনের অভিযোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারূফ জানান, বিভিন্ন স্থানে হাতপাখা প্রতীকের প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি অভিযোগ করেন, লক্ষ্মীপুর-১, ভোলা-১, বরিশাল-১, ঝালকাঠি-১ ও কুমিল্লা-১১ আসনে হাতপাখার এজেন্টদের মারধর, হুমকি ও কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
ভোলা-৪ আসনে কারচুপিতে বাধা দেওয়ায় হামলার ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করা হয়েছে। নরসিংদী-৫ আসনেও হাতপাখার এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
খেলাফত মজলিস ও অন্যান্য অভিযোগ
খেলাফত মজলিসের প্রচার সম্পাদক আব্দুল হাফিজ খসরু অভিযোগ করেন, নারায়ণগঞ্জ-৫ বন্দরে দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থককে মারধর এবং প্রধান নির্বাচনী এজেন্টকে হেনস্তা করা হয়েছে। সিলেট-২ আসনে একটি কেন্দ্রে দরজা বন্ধ করে সিল মারা এবং হবিগঞ্জ-২ ও ৪ আসনে হামলা ও জাল ভোটারের উপস্থিতির অভিযোগ তোলা হয়েছে।
জামায়াত আমিরের প্রতিক্রিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন; তবে বিভিন্ন স্থানে জাল ভোট, এজেন্টদের ওপর হামলা ও নারী হেনস্তার অভিযোগ উদ্বেগজনক। তিনি ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি
বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভীতিমুক্ত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, অনিয়ম বন্ধ না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হবে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
এদিকে সার্বিকভাবে দেশের অনেক স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ছড়িয়ে পড়া এসব অভিযোগ নির্বাচনী পরিস্থিতিকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
