দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বেসরকারি শিক্ষকদের স্বল্প বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিষয়টি সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রশ্নফাঁস ও নকল প্রতিরোধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতে এ ধরনের অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং ভবিষ্যতেও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা নিশ্চিত করা হবে। প্রশ্নফাঁস ও নকলের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনিক ও প্রযুক্তিগত উভয় দিক থেকেই ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি।
শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সমন্বিত সংস্কার কর্মসূচি হাতে নেওয়ার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। কারিকুলাম পুনর্মূল্যায়ন, ডিজিটাল লিটারেসি বৃদ্ধি এবং ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা বিবেচনায় ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের মতো আধুনিক বিষয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।
টিএইচএ/
