হাসান আল মাহমুদ >>
মাহে রমযান ১৪৪৭ হিজরি/২০২৬ ঈসায়ি উপলক্ষে দেশের শীর্ষ দুটি ফতোয়া বিভাগ—আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী) এবং জামি’আ রাহমানিয়া আরাবিয়া—যাকাত ও সদকায়ে ফিতরের নেসাব ও পরিমাণ ঘোষণা করেছে। রূপা ও স্বর্ণের বর্তমান বাজারমূল্য বিবেচনায় এ হিসাব নির্ধারণ করা হয়েছে।
হাটহাজারীর ঘোষণা: যাকাতের নেসাব ১,৩১,২৫০ টাকা
হাটহাজারীর ফাতাওয়া ও ইসলামী আইন গবেষণা বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম শহরে ২২ ক্যারেট রূপার বাজারমূল্য (প্রতি ভরি ২,৫০০ টাকা) ধরে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি রূপার সমমূল্য ১,৩১,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

হাটহাজারী মাদরাসার ফতোয়া বিভাগের ঘোষণা
যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ সম্পদ এক চন্দ্রবছর পূর্ণ থাকে, তার ওপর ২.৫% হারে যাকাত ফরজ হবে।
স্বর্ণের ক্ষেত্রে (১৯ ফেব্রুয়ারি ২০২৬, চট্টগ্রাম পুরাতন স্বর্ণের বাজারদর):
| স্বর্ণের ধরন | বাজার মূল্য (ভরি) | ২.৫% যাকাত (ভরি প্রতি) |
|---|---|---|
| ২২ ক্যারেট | ২,১২,১১৩ টাকা | ৫,৩০২.৮৩ টাকা |
| ২১ ক্যারেট | ২,০২,৪৮১ টাকা | ৫,০৬২.০৩ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৭৩,৫৩৪ টাকা | ৪,৩৩৮.৩৫ টাকা |
| সনাতন | ১,৪২,০২২ টাকা | ৩,৫৫০.৫৫ টাকা |
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কারও কাছে পূর্ণ সাড়ে সাত (৭.৫) ভরি বা ততোধিক স্বর্ণ থাকলে স্বর্ণের নিসাব অনুযায়ী যাকাত দিতে হবে।
এ ঘোষণায় সত্যায়ন করেন মুফতী ফরীদুল হক, মুফতী হুমায়ূন কবীর ও উস্তাদ রাশেদুল ইসলাম।
রাহমানিয়া আরাবিয়ার ঘোষণা: যাকাত-ফিতরার নেসাব ২,৩০,০০০ টাকা
ঢাকার মুহাম্মাদপুরভিত্তিক জামি’আ রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা মাহে রমযান ১৪৪৭ হিজরি উপলক্ষে পৃথক হিসাব প্রকাশ করেছে। তাদের হিসাবে ৫২.৫ ভরি রূপার মূল্য ধরে যাকাত-ফিতরার নেসাব নির্ধারণ করা হয়েছে ২,৩০,০০০ টাকা।
২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের স্বর্ণের ঘোষিত মূল্য (প্রতি ভরি):
| স্বর্ণের ধরন | বাজার মূল্য | ১৫% বাদে যাকাতযোগ্য মূল্য |
|---|---|---|
| ২২ ক্যারেট | ২,৫৮,৮২৫ টাকা | ২,২০,০০০ টাকা |
| ২১ ক্যারেট | ২,৪৭,১০০ টাকা | ২,১০,০০০ টাকা |
| ১৮ ক্যারেট | ২,১১,৭৬০ টাকা | ১,৮০,০০০ টাকা |
| সনাতন | ১,৭৩,৩৩০ টাকা | ১,৫০,০০০ টাকা |
উপরোক্ত যাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে যাকাত দিতে হবে বলে জানানো হয়েছে।
সদকায়ে ফিতরের হার (রাহমানিয়া আরাবিয়া)
| খাদ্যদ্রব্য | পরিমাণ | আনুমানিক মূল্য |
|---|---|---|
| কিশমিশ | ৩.৩ কেজি | ২,৮০০ টাকা |
| পনির | ৩.৩ কেজি | ২,৬৫০ টাকা |
| খেজুর | ৩.৩ কেজি | ২,০০০ টাকা |
| যব | ৩.৩ কেজি | ৪৫০ টাকা |
| গম/আটা | ১.৬৫ কেজি | ১০০ টাকা |
দারুল ইফতার প্রধান মুফতী মনসূরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে যাকাত পরিশোধ করবেন।

জামিয়া রাহমানিয়া আবরারের ফতোয়া বিভাগের ঘোষণা
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- যাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষে পূর্ণ নিসাব মালিকানায় থাকা শর্ত।
- বছরের মাঝখানে নিসাব কম-বেশি হলেও, শুরু ও শেষে নিসাব পূর্ণ থাকলে যাকাত ফরজ হবে।
- ফিতরা ওয়াজিব হওয়ার জন্য ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় নিসাবের মালিক হওয়াই যথেষ্ট।
রমযানকে সামনে রেখে যাকাত ও ফিতরার সঠিক হিসাব নির্ধারণে আলেমদের এসব নির্দেশনা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।
হাআমা/
