মাধবদীতে কিশোরী ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার চান ইসলামী নেতারা

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

নরসিংদীর মাধবদীতে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন। তারা এই বর্বরোচিত ঘটনাকে মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা আখ্যায়িত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া প্রভাবমুক্ত ও দীর্ঘসূত্রতামুক্ত রাখার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিবৃতি

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, একটি নিষ্পাপ শিশুর ওপর এ ধরনের নৃশংসতা সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব উল্লেখ করে তারা বলেন, অপরাধীরা যেই হোক না কেন, দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

নেতৃদ্বয় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়। তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

তারা আল্লাহ তাআলার কাছে নিহত শিশুর জন্য জান্নাতুল ফেরদৌস এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করেন। একই সঙ্গে সরকার ও প্রশাসনের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

খেলাফত মজলিসের প্রকাশ্য বিচারের দাবি

একই দিন পৃথক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, বাবার সামনে থেকে অপহরণ এবং পরে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান। তিনি দ্রুত ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, একজন পিতাকে জিম্মি করে তার সন্তানকে ধর্ষণ ও হত্যা করার মতো অমানুষিক অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত, গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মাওলানা জালালুদ্দীন আহমদ অভিযোগ করেন, বিচারহীনতা ও প্রভাবশালীদের ছত্রছায়ার কারণেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তিনি নিহত কিশোরীর পরিবারের জন্য উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু সুরক্ষায় কঠোর পদক্ষেপ, সমাজে নৈতিকতা জোরদার, মসজিদভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন এবং আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম-খতিবদের অন্তর্ভুক্তির আহ্বান জানান।

রাজনৈতিক প্রশ্রয়ের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে ঘটনাটিকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিভৎস উদাহরণ বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রশ্রয়ের কারণেই প্রথম দফা অপরাধ সংঘটিত হয় এবং বিচার প্রহসনের মাধ্যমে ভুক্তভোগীকে এলাকা ছাড়া করার ঘটনা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং যে রাজনৈতিক চক্র তাদের প্রশ্রয় দিয়েছে, তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি নিজেদের কমিটি থেকে অপরাধপ্রবণ ও দুর্বৃত্তদের অপসারণের আহ্বান জানান তিনি।

সর্বস্তরের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বিচার, কঠোর শাস্তি, রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত এবং সামাজিক-নৈতিক পুনর্গঠনের বিকল্প নেই।

তারা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল এবং সমাজের সর্বস্তরের মানুষকে কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222