আমানুল্লাহ নাবিল মামদুহ >>
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলগুলোর নেতারা এ হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলা আধুনিক বিশ্বব্যবস্থার ব্যর্থতার আরেকটি কলঙ্কজনক দৃষ্টান্ত। তিনি অভিযোগ করেন, মিথ্যা অজুহাত ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এ হামলা বিশ্বশান্তির জন্য হুমকি।
তিনি মধ্যপ্রাচ্যের দেশসমূহসহ বিশ্বের শান্তিপ্রিয় রাষ্ট্রগুলোর প্রতি এ আগ্রাসনের প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং জাতিসংঘ-কে অবিলম্বে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার দাবি জানান। ইরানে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তিনি মার্কিন-ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার আহ্বানও জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে এ হামলার নিন্দা ও যুদ্ধ বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ইরানের সার্বভৌম ভূখণ্ডে সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় স্বাধীনতার নীতির লঙ্ঘন। তারা এটিকে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর নগ্ন আক্রমণ বলে উল্লেখ করেন এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন।
নেতৃদ্বয় বলেন, বিশ্ব রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও উন্মোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরাইলের আগ্রাসী নীতিকে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে একতরফা শক্তির ভারসাম্য তৈরি করেছে বলেও তারা অভিযোগ করেন।
তারা মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ, বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর প্রতি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং জাতিসংঘকে দ্রুত হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করার দাবি জানান।
একইসঙ্গে দলটির কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে বলা হয়, ইসরাইলি বিমান হামলা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছে। বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ড বৃদ্ধির বিষয়েও গভীর উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে বলেন, ইরানের সার্বভৌম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
তারা বলেন, এ ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়াবে এবং বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করবে। সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই সংকটের স্থায়ী সমাধান সম্ভব উল্লেখ করে তারা জাতিসংঘ ও ওআইসির প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় স্পষ্ট করে বলেন, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন থাকবে।
হাআমা/
