খামেনীকে হত্যায় বাংলাদেশের ইসলামি দলের নেতৃবৃন্দের শোক ও ক্ষোভ

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী-এর হত্যার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল ও আলেম নেতারা গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে অবিলম্বে চলমান সামরিক সংঘাত বন্ধের আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এক বিবৃতিতে বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সেই দেশের প্রধান ধর্মীয় নেতাকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তিনি এ ঘটনাকে বর্বরোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, মার্কিন-ইসরাইলি আগ্রাসন গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে এবং এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। তাই অবিলম্বে এই সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে শোকাহত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান ধর্মীয় নেতাকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট অবজ্ঞা।

তারা বলেন, সামরিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মারাত্মকভাবে বিপন্ন হয়েছে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে বলেন, ‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর বিরুদ্ধে হত্যার যে কোনো প্রচেষ্টা বা হুমকি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। একজন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতার উপর আক্রমণ কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বরং এটি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।’

তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসির প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।

এদিকে রবিবার খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। কোন স্বাধীন রাষ্ট্রের উপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সাথে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। এমনকি ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের আইনও লঙ্ঘন করেছে। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোন রীতিতেই পড়ে না।

তার মতে, ‘এই হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল মানবতাবিরোধী চরম অপরাধ সংঘটিত করেছে।’

ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বাংলাদেশ সরকারের প্রতি জাতীয় সংসদে এ হামলার বিরুদ্ধে প্রস্তাব আনার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো. আবদুল জলিল।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222