প্রয়োজনে আমরাও ভয়ংকর হতে পারি, বাঁধ সংশ্লিষ্টদের হুঁশিয়ারি এমপি কামরুলের

by hsnalmahmud@gmail.com

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “প্রয়োজনে আমরাও ভয়ংকর হতে পারি। আপনারা আমাদেরকে ভয়ংকর হতে বাধ্য করবেন না।”

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এ সময় পাউবোর দায়িত্বশীল কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পিআইসি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অনিয়মের বিষয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, “আপনার দোহাই দিয়ে অনিয়ম হচ্ছে। এখন পর্যন্ত এই বাঁধের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অন্য কোনো পিআইসি হলে ঠিকই জরিমানা করতেন। এর মানে আপনি অবগত আছেন।”

তিনি আরও বলেন, “কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আপনারা কঠিন পরিস্থিতির শিকার হবেন।”

এমপি কামরুল অভিযোগ করে বলেন, তাহিরপুরে যারা চাকরি করতে আসে তাদের টাকা দিয়ে আসতে হয়, এখন টাকা দিয়ে যেতে হবে। অনিয়ম করে কেউ এখানে থাকতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, পাহাড়ি ঢলের পানিতে ফসল রক্ষা বাঁধের কোনো ক্ষতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি পিআইসিরা চেক নিতে গেলে কোনো টাকা রেখে দিলে তার জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী মামুন হাওলাদার, তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং হাওরপাড়ের কৃষকরা।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222