ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের পর এবার উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল।
শনিবার (২৮ মার্চ) দেশটির তেল আবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই যুদ্ধের প্রতিবাদ জানান। বিক্ষোভ দমনে ইসরায়েলি পুলিশকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কিছু জায়গায় শক্তি প্রয়োগ করে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতের এই বিক্ষোভে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ অন্তত ১৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।
এদিন প্রধানত তিনটি স্থানে বড় ধরনের গণজমায়েত অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার এবং জেরুজালেমের প্যারিস স্কয়ারে হাজার হাজার সাধারণ মানুষ যুদ্ধবিরোধী স্লোগান নিয়ে জড়ো হন। প্রায় এক মাস আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর এই প্রথম দেশ দুটিতে এত বড় পরিসরে যুদ্ধবিরোধী বিক্ষোভ দেখা গেল। এর আগে ইসরায়েলে কেবল অতি-বামপন্থী দলগুলো ছোট ছোট কর্মসূচি পালন করলেও এবার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
‘পিস পার্টনারশিপ কোয়ালিশন’ নামক একটি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভের শিরোনাম ছিল ‘ফর দ্য লাইভস অব অল অব আস’ (আমাদের সবার জীবনের জন্য)। বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান। তবে কেবল যুদ্ধবিরোধিতাই নয়, একই সমাবেশে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচারিক সংস্কার প্রস্তাবের বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান সরকার যুদ্ধের দোহাই দিয়ে জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির প্রধান শহরগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিএইচএ/
