ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মিনহাজ আহমেদ প্রিন্স

by Abid

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দীর্ঘদিন পর সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় পদপ্রত্যাশী নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স-এর নাম। দলীয় সূত্রগুলো বলছে, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে তিনি শীর্ষ পদের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, বিশেষ করে ২০১১–১২ সেশনের নেতাদের মধ্যে মিনহাজ আহমেদ প্রিন্সসহ কয়েকজনকে ছাত্রদলের আগামীর সম্ভাব্য কাণ্ডারি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সংগঠনের ভেতর তার সুদৃঢ় অবস্থান এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি তাকে নেতৃত্বের দৌড়ে অনেকটা এগিয়ে রেখেছে। দলের দুঃসময়ে এবং বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে চরম নির্যাতনের শিকার হওয়া ত্যাগী এই ছাত্রনেতা গত জুলাই বিপ্লবেও অত্যন্ত সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। জুলাই পরবর্তী সময়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে সমন্বয় রক্ষা এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে নেতৃত্বের গুণাবলীর প্রমাণ দিয়ে তিনি শীর্ষ পদের যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিজ্ঞাপন
banner

ছাত্রদলের দায়িত্বশীল নেতারা বলছেন, নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে এবার রাজপথের আন্দোলনে অংশগ্রহণ, ব্যক্তিগত ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব মানদণ্ডে মিনহাজ আহমেদ প্রিন্স শক্তিশালী অবস্থানে রয়েছেন। বর্তমান কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সৃজনশীল কর্মকাণ্ডেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে ২০২৫ ও ২০২৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় ছাত্রদলের একাধিক সংকলন ও প্রকাশনা সম্পাদনা করেছেন তিনি। এর মধ্যে ২০২৬ সালে প্রকাশিত ‘দল-দীপশিখা’ গ্রন্থটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি সংগঠনের বৌদ্ধিক বিকাশেও অবদান রেখেছেন।

এদিকে, ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের গুঞ্জন এখন তুঙ্গে। সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা চান কাউন্সিল বা স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি গতিশীল কমিটি আসুক। যেখানে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গঠন করা হবে, যারা আগামীর গণতান্ত্রিক আন্দোলনে অগ্রসেনানী হিসেবে কাজ করতে পারবেন। এই প্রক্রিয়ায় মিনহাজ আহমেদ প্রিন্সের নাম সাধারণ সম্পাদক পদের আলোচনায় সামনের সারিতে থাকায় সংগঠনের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222