রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর ও টেকসই বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে শিক্ষামন্ত্রীকে বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শুরুর ও ছুটির সময়ে যে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, তা নিরসনে কী ধরনের বিকল্প পদক্ষেপ নেওয়া সম্ভব—তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এই সমস্যা সমাধানে একটি সমন্বিত ও কার্যকর প্রস্তাবনা তৈরি করে দ্রুত উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। বৈঠকে যানজটের একটি খণ্ডচিত্র তুলে ধরে জানানো হয়, রাজধানীর একটি নির্দিষ্ট স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে জড়ো হয়, যা ওই এলাকায় চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ায় যেমন ভোগান্তি বাড়ে, তেমনি সাধারণ মানুষের সময় ও শ্রমের অপচয় হয়। প্রধানমন্ত্রী এই বিশৃঙ্খলা দূর করতে কঠোর এবং কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জ্বালানি খাতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এরপর নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে অবহিত করেছেন।
টিএইচএ/
