যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে ‘অসহায় ও দিশেহারা’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। সেখানে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এ হুমকি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন ও বিবেচনাহীন’ কাজ।
শনিবার (৪ এপ্রিল) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।
পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা; এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।”
ট্রাম্পের এ হুমকির জবাবে আলীআবাদি সতর্ক করে বলেন, ‘এই বার্তার সহজ অর্থ হলো— আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।’
হাআমা/
