দেশের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত বিপণিবিতানগুলো খোলা রাখা যাবে।
রোববার (৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দোকান মালিক সমিতির পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছিল, যার প্রেক্ষিতে জনস্বার্থ ও ব্যবসায়িক দিক বিবেচনা করে এই সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যা ৭টার মধ্যেই সব শপিং মল বন্ধ নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের বিশেষ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের মজুত বাড়ানোর কাজ শুরু হয়েছে। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য পর্যাপ্ত মজুত বর্তমানে হাতে আছে। এছাড়া আগামী তিন মাসের সম্ভাব্য চাহিদা মেটানোর লক্ষ্যে প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানির সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে রাশিয়ার তেল আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী এক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বিশেষ ছাড় বা ‘স্যাংশন ওয়েভার’ দেওয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। সম্প্রতি মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনার প্রেক্ষাপটে বর্তমান ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে বাংলাদেশকে তেল আমদানির সুযোগ দেবে বলে সরকার প্রবল আশাবাদ ব্যক্ত করেছে। রাশিয়ার তেল আমদানির প্রক্রিয়া সহজ হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদন স্থিতিশীল রাখা আরও সহজ হবে বলে মনে করছে মন্ত্রণালয়।
টিএইচএ/
