জ্বলানি সংকট মোকাবিলায় সোলার প্যানেলে স্বস্তি খুঁজছে পাকিস্তানের কোটি পরিবার

by Abid

আমেরিকা-ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হলেও পাকিস্তান তার বিশাল ‘সোলার বিপ্লব’ বা সৌরশক্তির মাধ্যমে এই ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছে। বর্তমানে পাকিস্তানের প্রায় ২৫ শতাংশ পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করছে, যা দেশটিকে ইরানের ওপর যুদ্ধের ফলে সৃষ্ট সম্ভাব্য জ্বালানি বিপর্যয় থেকে সুরক্ষা দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দাস্ত গ্রামের কৃষক করিম বখশের গল্প এই পরিবর্তনের এক অনন্য উদাহরণ। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ডিজেলের দাম আকাশচুম্বী হলে তার তরমুজ খেত সেচ দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। ২০২৩ সালে তিনি ৩ লাখ রুপি ঋণ করে সোলার প্যানেল বসান। এখন যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ‘হরমুজ প্রণালী’ দিয়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বিশ্ববাজারে তেলের দাম চড়ছে, তখন করিম বখশ নির্বিকার। তিনি গর্ব করে বলেন, “ডিজেলের দাম বাড়লে এখন আর আমার কিছু যায় আসে না; যতক্ষণ সূর্য আছে, আমার খেত সচল থাকবে।”

বিজ্ঞাপন
banner

দেশটির ৮০ শতাংশ তেল এবং ৯৯ শতাংশ এলএনজি (LNG) আমদানি করা হয় হরমুজ প্রণালী দিয়ে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পথ বন্ধ থাকলে পাকিস্তানে ভয়াবহ লোডশেডিং ও শিল্পকারখানা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হতো। কিন্তু ২০১৮ সাল থেকে পাকিস্তানে নীরবে ঘটে যাওয়া সোলার বিপ্লব দেশটিকে রক্ষা করছে। পরিসংখ্যান অনুযায়ী, সোলার প্যানেল ব্যবহারের ফলে পাকিস্তান ইতোমধ্যে ১২ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করেছে। ২০২০ সালে দেশটির জ্বালানি মিশ্রণে সৌরশক্তির হার ছিল মাত্র ২.৯ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩২.৩ শতাংশে।

বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য সাধারণ মানুষের ব্যক্তিগত উদ্যোগের ফসল। বিশেষ করে চীন থেকে সস্তা সোলার প্যানেল ও ব্যাটারি আমদানির ফলে পাকিস্তানে এর ব্যবহার দ্রুত বেড়েছে। ২০১৮ সালে যেখানে সোলার আমদানি ছিল ১ গিগাওয়াটের নিচে, ২০২৬ সালের শুরুতে তা দাঁড়িয়েছে ৫১ গিগাওয়াটে। তবে বিশ্লেষকরা একটি বৈষম্যের দিকেও আঙুল তুলেছেন। সোলার সিস্টেম স্থাপনের প্রাথমিক খরচ বেশি হওয়ায় কেবল উচ্চ-মধ্যবিত্ত ও ধনীরাই এর সুফল পাচ্ছেন, দরিদ্র জনগণ এখনো ব্যয়বহুল জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীল।

তা সত্ত্বেও, পাকিস্তানের বড় শহর লাহোর বা করাচি থেকে শুরু করে বেলুচিস্তানের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সোলার প্যানেল এখন সাধারণ দৃশ্য। একদিকে যখন বিশ্ব মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে জ্বালানি সংকটের শঙ্কায় কাঁপছে, তখন পাকিস্তানের লাখ লাখ ছাদ ও খামারে জ্বলতে থাকা সোলার প্যানেল দেশটির জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222