যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন তাদের ‘সীমারেখা’ স্পষ্ট করে দিয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তেহরানের।
তিনি জানান, গত সপ্তাহে পাকিস্তানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন তিনি নিজেই। তবে প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা বন্ধে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়।
ভ্যান্স বলেন, ‘আমার মনে হয় এখন সিদ্ধান্ত নেওয়ার বল ইরানের কোর্টে। আমরা অনেক কিছুই টেবিলে রেখেছি এবং আমাদের সীমারেখাও স্পষ্ট করে জানিয়েছি।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে দুইটি বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন। এর মধ্যে রয়েছে—ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে তারা যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করার জন্য একটি কঠোর যাচাই ব্যবস্থা।
ভ্যান্স বলেন, ইরানের শুধু পারমাণবিক অস্ত্র না রাখার ঘোষণা যথেষ্ট নয়; বরং এমন একটি কার্যকর ব্যবস্থা থাকতে হবে যাতে নিশ্চিত করা যায় তারা ভবিষ্যতেও এটি তৈরি করতে পারবে না।
তিনি আরও জানান, গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে, তার বিনিময়ে যুক্তরাষ্ট্র আশা করছে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেবে, যা বর্তমানে কার্যত বন্ধ রয়েছে।
হাআমা/
