বর্তমানে বিশ্বের ১৮টি দেশের সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বরাত দিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে ২০২৫ সালে রেকর্ড ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী রয়েছেন।
সংসদে উত্থাপিত তথ্যে জানানো হয়, সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে সরকার নিবিড়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গত ৮ থেকে ১১ এপ্রিল প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাহদী আমিন এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করেছেন। সেখানে দুই দেশের সরকারের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করা হচ্ছে অতি দ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। একইসঙ্গে মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বন্ধ বা সংকুচিত হয়ে আসা শ্রমবাজারগুলোতে পুনরায় কর্মী পাঠানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সংসদে জানানো হয়।
বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, দেশে-বিদেশে ১ লাখ দক্ষ চালক তৈরির উদ্দেশ্যে বিশেষ প্রশিক্ষণ প্রকল্প চলমান রয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় নতুন করে আরও চারটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে ১ লাখ দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে একটি আলাদা সেল গঠন করা হয়েছে এবং জাপানি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়েছে, সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় তাদের ভিসার মেয়াদ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে।
টিএইচএ/
