‘ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া’

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক :: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেই সত্য হয় না। যা রটে কিছু না কিছু বটে-এমন কথারও সত্যতা নেই। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি ভাইরাল হওয়া ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্রটিকে ভুয়া বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের’ নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র প্রকাশ ও প্রচার করা হচ্ছে। অনুমতিপত্রটি ‘ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে’ প্রস্তুত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, নথিটির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার মিল নেই। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরও যাচাইযোগ্য নয়।

অধিদপ্তর জানিয়েছে, এই অনুমতিপত্র তারা ইস্যু করেনি। ফলে এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না।

মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যাচাই ছাড়া এসব নথি শেয়ার বা প্রচার না করার অনুরোধও করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট সবাইকে প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটসহ নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222