খেলা প্রতিবেদক :: হঠাৎ ঢাকায় কেন ছুটে এলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা লিচেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। এখন মৌসুম শেষ, ক্লাবের চাপ নেই-এই অবকাশেই হঠাৎ ঢাকায় হাজির হচ্ছেন হামজা চৌধুরী! ইংল্যান্ডে ব্যস্ত ফুটবল সূচির কারণে সাধারণত ফিফা উইন্ডো ছাড়া তাকে দেশে দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম! ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা লিচেস্টার সিটি ২ মে তাদের মৌসুমের শেষ ম্যাচ খেলার পরই ছুটিতে গেছেন এই মিডফিল্ডার। সেই সুযোগেই ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজ সারতে আজ ঢাকায় আসছেন তিনি।
এই সফরকে পুরোপুরি ব্যক্তিগত বলেই দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজার সফর সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, কিছু কমার্শিয়াল এনগেজমেন্টে অংশ নিতেই চার থেকে পাঁচ দিনের জন্য ঢাকায় অবস্থান করবেন তিনি।
ইংল্যান্ডের ব্যস্ত সূচির কারণে হামজার দেশে আসা সবসময়ই সীমিত। তাই মৌসুম শেষ হওয়ার এই বিরতিকে কাজে লাগিয়েছেন তিনি। যদিও সফরটি ফুটবলকেন্দ্রিক নয়, তবুও সময়টা গুরুত্বপূর্ণ। কারণ সামনে আন্তর্জাতিক সূচি রয়েছে বাংলাদেশের।
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল, যার প্রস্তুতি শুরু হবে ২৪ মে থেকে।
আগের পরিকল্পনা অনুযায়ী হামজার সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে আকস্মিক এই ঢাকা সফর নতুন সম্ভাবনার ইঙ্গিতও দিচ্ছে। যদিও আনুষ্ঠানিক কোনো বৈঠকের কথা বলা হয়নি, তবুও স্থানীয় ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে তার অনানুষ্ঠানিক আলোচনা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
