দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ সকালে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (২ মে) মধ্যরাতে পাকিস্তান থেকে রওনা দিয়ে আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শান মাসুদের নেতৃত্বাধীন এই বহর।
তবে পাকিস্তান দলের সাথে এই মুহূর্তে অধিনায়ক শান মাসুদ থাকলেও দলের তারকা বাবর আজম ও পেসার খুররম শাহজাদ এই বহরে নেই। তারা বর্তমানে পাকিস্তানে চলমান পিএসএল নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ রাতে লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএলের মেগা ফাইনালে বাবর ও শাহজাদের দল পেশোয়ার জালমি মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসের। ফাইনাল ম্যাচ খেলে পরবর্তীতে তারা বাংলাদেশে দলের সাথে যোগ দেবেন।
মূলত পিএসএলের সূচির কারণেই পাকিস্তান দল এবার দুই দফায় বাংলাদেশ সফর করছে। এর আগে গত মার্চ মাসে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে এসেছিল তারা। ঈদের আগে ওয়ানডে সিরিজ শেষ করে পিএসএলের জন্য দেশে ফিরে গিয়েছিল দলটি। এবারের সফরটি শুধুমাত্র টেস্ট সিরিজকে সামনে রেখে।
আগামী ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর ১৬ মে সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আইসিসি ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ অংশ হওয়ায় এই সিরিজটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শতাংশ পয়েন্টের হিসাবে পাকিস্তান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে ১৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান টেবিলের অষ্টম স্থানে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই এই সফরের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। শান মাসুদের নেতৃত্বে এই দলে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞদের পাশাপাশি তরুণ প্রতিভাদেরও রাখা হয়েছে। স্কোয়াডে স্পিন আক্রমণে সাজিদ খান ও নোমান আলির পাশাপাশি পেস আক্রমণে থাকছেন হাসান আলি ও মোহাম্মদ আব্বাস। উইকেটরক্ষক হিসেবে দলের সাথে আছেন মোহাম্মদ রিজওয়ান ও মুহাম্মদ গাজি ঘোরি। বাংলাদেশ সফর শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় পাকিস্তান, অন্যদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হোঁচট খাওয়ার পর এই সিরিজের মাধ্যমে ঘুরে দাঁড়াতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।
