পুলিশ বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যারা চেইন অফ কমান্ড ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ সোমবার পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’-এই স্লোগানকে কেবল মুখে রাখলে হবে না, বরং প্রতিটি কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে।’
ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। শৃঙ্খলার সঙ্গে কোনো আপস করা হবে না।’
যারা চেইন অফ কমান্ড ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি প্রতিটি থানায় আগত সেবাপ্রার্থীরা যাতে হয়রানি ছাড়া আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
অপারেশনাল কার্যক্রম ও ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে পুলিশে বডি ওন ক্যামেরার ব্যবহার বাড়ানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে তদন্ত ও অপারেশনসহ পুলিশের সমস্ত কার্যক্রম রেকর্ডেড রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পূর্বানুমান এবং তা প্রতিরোধের ওপর জোর দেন তিনি।
জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী নূন্যতম বলপ্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা দক্ষ পেশাদার অফিসার। তবে মনে রাখতে হবে মানবাধিকারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার সমুন্নত রেখেই কৌশলে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রম পরিচালনা করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান যুগের ডিজিটাল অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে একটি পৃথক সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। একজন অ্যাডিশনাল আইজিপির নেতৃত্বে এই সেপারেট ইউনিট কাজ করবে। এ ছাড়া বিদ্যমান সাইবার আইনের সীমাবদ্ধতা কাটিয়ে একটি সমন্বিত আইন প্রণয়নের কাজ চলছে।’
তিনি আরও বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি বড় পুলিশ একাডেমি এবং একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালসহ বিভাগীয় হাসপাতালগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনে বড় বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করার কথা জানান সালাহউদ্দিন আহমদ।
হাআমা/
