নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

by Masudul Kadir

১৪৪৮ হিজরি সালের ওমরাহ মৌসুমের জন্য নতুন ওমরাহ ক্যালেন্ডার ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই ক্যালেন্ডার প্রকাশ করেছে।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ মে থেকে নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু করা এবং সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশ শুরু হবে।

বিজ্ঞাপন
banner

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নতুন ওমরাহ ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি, যা ইংরেজি ৩১ মে তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেদিন থেকে নতুন ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর পরদিন অর্থাৎ ১ জুন (১৫ জিলহজ ১৪৪৭ হিজরি) থেকে জনপ্রিয় ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ’র আনুষ্ঠানিক অনুমতিপত্র (পারমিট) দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

শনিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রবিবার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

নতুন বছরের ওমরাহ ক্যালেন্ডারে ভিসা ইস্যু ও সৌদিতে অবস্থানের চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ওমরাহ ভিসা ইস্যু করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ শাওয়াল ১৪৪৮ হিজরি (৯ মার্চ ২০২৭)। ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৫ শাওয়াল ১৪৪৮ হিজরি (২৩ মার্চ ২০২৭) এবং ওমরাহ শেষ করে সৌদি আরব ত্যাগের সর্বশেষ সময়সীমা ৩০ শাওয়াল ১৪৪৮ হিজরি (৭ এপ্রিল ২০২৭) নির্ধারণ করা হয়েছে।

এর আগে ওমরাহ কার্যক্রমের প্রস্তুতি হিসেবে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য বিভিন্ন পরিষেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়। পাশাপাশি ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক পরিষেবার ইলেকট্রনিক কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222