নিজস্ব প্রতিবেদক :: রাজধানীসহ দেশের আটটি অঞ্চলে তীব্র ঝড়ের পূর্ভাবাস দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ তীব্র ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১৮ মে) রাতে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
