পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অর্থসহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান এই অর্থসহায়তা দুস্থদের মাঝে তুলে দেন।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর শাখার আমির ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা জাগপার সভাপতি মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অর্থসহায়তা হিসেবে পঞ্চগড় সদর উপজেলার দুই শতাধিক অসহায় দুস্থের মাঝে দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই অর্থসহায়তা পেয়ে খুশি সুবিধাভোগীরা।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, রাজধানী ঢাকায় এসব বরাদ্দ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি পঞ্চগড়ের মানুষের জন্য এখানে নিয়ে এসেছি। পঞ্চগড়ের মানুষের জন্য কিছু করতে পারলে আমার আত্মা শান্তি পায়। আগামীতেও পঞ্চগড়ের মানুষের জন্য কাজ করে যেতে চাই।
হাআমা/
