নিজস্ব প্রতিবেদক :: শুনতে অবাক ও বিস্ময়ের হলেও সত্য যে, বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে একটি যৌথ মানববিহীন আকাশযান (ড্রোন) উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, তুরস্কের বহুল আলোচিত বায়রাক্তার টিবি২ এবং আকিঞ্চি মডেলের ড্রোন বাংলাদেশে যৌথভাবে উৎপাদন করা হতে পারে।
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং পরবর্তী প্রতিরক্ষা সংলাপকে কেন্দ্র করে এ প্রস্তাব সামনে আসে। একই সঙ্গে তুরস্ক বাংলাদেশকে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক বিমান ক্রয়ের প্রস্তাবও দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপিত হলে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনবল তৈরি এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়বে। এটি ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় সামরিক আধুনিকায়ন ত্বরান্বিত করতেও সহায়ক ভূমিকা রাখতে পারে।
তবে বিষয়টি এখনও প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে এখনো কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে স্থানীয়ভাবে ড্রোন উৎপাদনের লক্ষ্যে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তরভিত্তিক একটি পৃথক প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে তুরস্কের নতুন প্রস্তাব দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
