বিশিষ্ট সুফি চিন্তক, গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকীর সদ্য প্রকাশিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে চট্টগ্রামে এক জাঁকজমকপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে সুফি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে ‘সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা: খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের নানা স্তরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তারা বর্তমান যুগের মানসিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে সুফি দর্শনের ভূমিকার কথা তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ড. আবদুস সবুর খান বলেন, খাজা ওসমান ফারুকী সমকালীন বাংলা ভাষায় সুফি জ্ঞানচর্চাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার চিন্তায় আধ্যাত্মিকতা, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতার চমৎকার এক সমন্বয় দেখা যায়। বিশেষ করে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থটি আধুনিক মনোবিজ্ঞান ও ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি মজবুত সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, খাজা ওসমান ফারুকীর চিন্তা ও সাহিত্যকর্ম কেবল আধ্যাত্মিক জগতের ভেতরের আলোচনা নয়, বরং ব্যক্তি ও সমাজের নানা সংকটের প্রেক্ষাপটে এটি নতুন চিন্তার দুয়ার খুলে দেয়। এই বই মানুষের আত্ম-উপলব্ধি ও মানসিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান, ফারসি ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপকবৃন্দ এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষ, আইনজীবী ও সাংবাদিকরা অংশ নেন। আলোচকেরা বলেন, লেখক খাজা ওসমান ফারুকী দীর্ঘ এক যুগ ধরে সুফিতত্ত্ব, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পাশাপাশি তার পূর্বে প্রকাশিত ‘সুফি মেডিটেশন’, ‘সুফিনামা’ এবং ‘কুন ফায়াকুন: আত্মার বিজ্ঞান’ গ্রন্থগুলোর দর্শন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে এই ধরনের আধ্যাত্মিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সাহিত্য চর্চার ওপর বিশেষ জোর দেন। আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান মাসুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমন মোড়ল।
টিএইচএ/
