আফগানিস্তানে তরুণী উদ্যোক্তার হাত ধরে ভাগ্য ফিরছে ৫০ নারীর

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এক তরুণী। নারীদের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে তিনি একটি কার্পেট বয়ন বা গালিচা তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে এই কারখানায় স্থানীয় ৫০ জন নারী ও কিশোরী নিয়মিত কাজ করছেন এবং নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি  পেশাগত দক্ষতা অর্জন করছেন।

গালিচা বয়ন কারখানার ব্যবস্থাপক মুশতারি শেওন এই উদ্যোগের বিষয়ে জানান, মূলত স্কুল-কলেজে যাওয়ার সুযোগ বন্ধ হওয়ার পর মেয়েদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের এই কারখানায় প্রায় ৫০ জন নারী ও কিশোরী কাজ করছেন। এদের মধ্যে ৪০ জনের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, যারা সবাই প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। বাকি ১০ জন স্থানীয় মধ্যবয়সী নারী। এই কেন্দ্রে কাজ করতে পেরে এবং গালিচা তৈরির সূক্ষ্ম কাজ শিখতে পেরে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রশিক্ষণরত নারী কর্মীরা। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি এই কুটির শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।

বিজ্ঞাপন
banner

রোহা নামের এক কর্মী জানান, তিনি এখানে গালিচা বয়নের শিল্প শিখতে এসেছেন। এই কাজ পুরোপুরি রপ্ত করার পর তিনি নিজেই একটি কারখানা খুলতে চান, যেখানে আরও অনেক বঞ্চিত নারী ও কিশোরীর কাজের ব্যবস্থা করা সম্ভব হবে। মনিবা নামের আরেক কর্মী তাদের এই ক্ষুদ্র ব্যবসাকে আরও এগিয়ে নিতে বর্তমান ইসলামি আমিরাত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাছে আর্থিক ও কারিগরি সহায়তার জোর দাবি জানিয়েছেন।

বাদাখশান কার্পেট বুনন সমিতির প্রধান আবদুল আলী ইয়াফতালি জানান, বাদাখশানে গালিচা শিল্পের সাম্প্রতিক অভাবনীয় প্রসারের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষিত তরুণীদের এই পেশায় আগমন। যেহেতু এই মেয়েদের অনেকেই পূর্বে স্কুলে পড়াশোনা করেছেন, তাই তারা গালিচার জটিল নকশা ও ডিজাইনগুলো খুব দ্রুত আয়ত্ত করতে পারছেন। ফলে বাদাখশানের তৈরি কার্পেটের মান অনেক বৃদ্ধি পেয়েছে এবং দেশের অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

প্রাদেশিক শিল্প ও বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে বাদাখশানের ১৫টি জেলা জুড়ে ১,০০০ এরও বেশি নারী বিভিন্ন ধরনের ছোট-বড় ব্যবসা ও কুটির শিল্পের সাথে সফলভাবে যুক্ত রয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222