কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং ২০২৭ প্রকাশিত: গতবছর স্থান পেলেও এ বছর তালিকায় নেই রুয়েট

by naymur bd1999

রুয়েট প্রতিনিধি: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা Quacquarelli Symonds (QS) প্রকাশ করেছে QS World University Rankings 2027। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এ র‍্যাংকিংয়ে বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও দেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার তালিকায় জায়গা করে নিতে পারেনি।

গত বছর QS World University Rankings 2026-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করলেও এবার সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। ফলে দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবার র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।

বিজ্ঞাপন
banner

এবারের র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বুয়েট, যার বৈশ্বিক অবস্থান ৭৬১-৭৭০ ব্যান্ডে। এছাড়া আইইউটি রয়েছে ১২০১-১৪০০ ব্যান্ডে, আর চুয়েট ও কুয়েট স্থান পেয়েছে ১৪০১+ ব্যান্ডে।

র‍্যাংকিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

QS কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে গ্রহণযোগ্যতা, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে।

বিশ্বের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং হিসেবে পরিচিত QS World University Rankings 2027-এ এবার বিশ্বের ১০৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিকীকরণ ও কর্মসংস্থান সক্ষমতার ভিত্তিতে প্রতিবছর এই র‍্যাংকিং প্রকাশ করে QS।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222