‘ফ্যামিলি কার্ড চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে’

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এসএম ফয়সল বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগেরই একটি অংশ।

তিনি আরও বলেন, এ কর্মসূচি চা শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
banner

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানের ৩৭৯ জন চা শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ২টায় উপজেলার চণ্ডীছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়। অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী জানান, প্রথম পর্যায়ে চণ্ডীছড়া চা বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীকে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

চা শ্রমিক পঞ্চায়েত নেতা নৃপেন পাল বলেন, ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা শ্রমিকরা আনন্দিত। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এসএম ফয়সল। উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ মো. শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সফিক মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, আমিনুল ইসলাম সুজনসহ অন্য নেতারা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222