নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে স্পিকার জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে উল্লেখ করেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে পাঠাতে সহযোগিতা কামনা করেন।
বুধবার (১৭ জুন) স্পিকারের সংসদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্পিকার আরও বলেন, বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের অব্যাহত ও শর্তহীন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতাকে প্রথম দিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে জাপানের ভূমিকার কথাও স্মরণ করেন।
জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ভিত্তি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, আন্তরিকতা ও সহানুভূতি।
তিনি জানান, জাপান সরকার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে জাতিসংঘ ও জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল গ্রহণযোগ্য ও সুষ্ঠু হিসেবে মূল্যায়ন করেছে। নির্বাচনের পর দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।
