নরসিংদী প্রতিনিধি :: নরসিংদীর মনোহরদী উপজেলায় অযু করার সময় বজ্রপাতে মদিনাতুল উলুম মাদরাসার তিন মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে মাদরাসার অযুখানায় অযু করার সময় হঠাৎ বজ্রপাত হলে চার শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
