নিজস্ব প্রতিবেদক :: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রোববার (২১ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার সার্বিক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দক্ষতার মানোন্নয়নে ইতোমধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল পাঠ্যক্রমে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ—দুই দেশই শিক্ষার গুণগত মান উন্নয়নে একযোগে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের বড় সুযোগ রয়েছে।
এ সময় তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) কার্যক্রমের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ শেষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক বিকাশের লক্ষ্যে এক হাজার ফুটবল উপহার হিসেবে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।
