বাংলাদেশ-চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই

by hsnalmahmud@gmail.com

চীনের রাজধানী বেইজিং-এ দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল পৌনে ৬টায়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক প্রসঙ্গে এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, দুই নেতার আলোচনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে।

এর আগে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তিয়েনআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপল এবং এর আশপাশের এলাকা বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকায় সুসজ্জিত করা হয়।

দ্বিপাক্ষিক আলোচনা ও সমঝোতা স্মারক সই শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠক করবেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222