ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র এবার মাঠের বাইরেও মানবিক নজির স্থাপন করলেন। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ তৎপরতা গতিশীল করতে তিনি আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকার সমান।
ভেনেজুয়েলার স্থানীয় সংবাদ মাধ্যম এল সুমারিও-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া এই অনুদানের অর্থ দিয়ে দেশটির প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক এই ফুটবলার তার এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছেন।
মানবিক এই সহায়তা প্রসঙ্গে নেইমার জুনিয়র এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলার মানুষের এই চরম বিপদে তার হৃদয় কাঁদছে। তিনি অত্যন্ত আশাবাদী যে, তার এই সামান্য সাহায্য ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে কিছুটা হলেও শক্তি, সাহস ও স্বস্তি জোগাবে।
সম্প্রতি ভেনেজুয়েলায় রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। প্রধান কম্পনের পর একের পর এক শক্তিশালী আফটারশকের কারণে উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধারকাজ পরিচালনা করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি মানুষ এবং গৃহহীন বা বাস্তুচ্যুত হয়ে পড়েছে ৩ হাজারেরও বেশি পরিবার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ ইতিমধ্যেই ভেনেজুয়েলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এদিকে ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বর্তমানে ফুটবল বিশ্বকাপ খেলতে ব্যস্ত সময় পার করছেন। চোটজনিত সমস্যার কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি নিজের পুর্নাবাসনের ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে দলের প্রধান তারকার এমন প্রত্যাবর্তন ব্রাজিল ফুটবল শিবিরের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
টিএইচএ/
