শিশুদের উন্নত চিকিৎসাসেবা তৃণমূলে পৌঁছে দিতে হবে : জাহিদ হোসেন

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একই সঙ্গে তিনি বিশ্বমানের শিশু হাসপাতাল গড়ে তুলতে আধুনিক সাংগঠনিক কাঠামো, বিশেষায়িত বিভাগ এবং পরিকল্পিত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন। পুরোনো ধ্যানধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে তৃণমূল পর্যায় পর্যন্ত শিশুসহ সব রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী বলেন, সরকার সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি টাকার সঠিক ব্যবহারও নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করাও সরকারের দায়িত্ব।

তিনি বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট দেশের শিশুস্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের প্রায় ৩৪ শতাংশ জনগোষ্ঠী শিশু। তাই শুধু ঢাকায় নয়, দেশের প্রতিটি হাসপাতালে শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, বিশ্বমানের শিশু হাসপাতাল গড়ে তুলতে শুধু ভবন সম্প্রসারণ যথেষ্ট নয়; প্রয়োজন বিশ্বমানের পরিকল্পনা ও চিন্তাভাবনা। হাসপাতালের সাংগঠনিক কাঠামো আধুনিক চাহিদা অনুযায়ী পুনর্গঠন করতে হবে এবং শিশু হৃদরোগ, শিশু নাক-কান-গলা, শিশু স্নায়ুরোগ ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারসহ প্রতিটি বিশেষায়িত বিষয়ে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগ এই হাসপাতালেই চালু হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের বিকাশ ও বিশেষায়িত চিকিৎসাসেবায় আরও গুরুত্ব দিতে হবে। পুরোনো স্টাফিং প্যাটার্ন থেকে বেরিয়ে এসে আধুনিক স্বাস্থ্যব্যবস্থার উপযোগী কাঠামো গড়ে তুলতে পারলেই মানুষের জন্য অর্থবহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম।

পরে জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোকজনিত প্যারালাইসিসে আক্রান্ত হাসপাতালে ভর্তি ৪০ জন শিশুর অভিভাবকের হাতে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগীদের স্বজনরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222