কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। রবিবার (৯ মার্চ) রাতে ক্ষমতাসীন লিবারেল পার্টি তাকে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে এবং এর মাধ্যমে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটলো। নিয়ম অনুযায়ী, এখন তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
মার্ক কার্নি প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন এমন সময় কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা চলছিল। প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার পর মার্ক কার্নি ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ শুল্ক নিয়ে কথা বলেন, এটিকে তিনি কানাডার “সবচেয়ে বড় সংকট” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার গ্লাভস ফেলে দেয়। আমেরিকা ভুল করতে পারে, কিন্তু আমরা জিতব।”
ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাসে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে উল্লেখ করে কটাক্ষ করেন এবং জাস্টিন ট্রুডোকে ‘গভর্নর ট্রুডো’ বলে ব্যঙ্গ করেন। এই মন্তব্যের জবাবে কার্নি বলেন, “আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো আমেরিকার অংশ হবে না।”
এদিকে, এবিসি নিউজ জানায়, মার্ক কার্নি শীঘ্রই কানাডার গভর্নর জেনারেলের কাছে শপথ গ্রহণ করবেন। এছাড়া, তিনি এপ্রিলের শেষে নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন।
এর আগে, ৬ জানুয়ারি জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। ২০১৫ সালে প্রথম কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ট্রুডো, তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা কমে যাওয়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এনএ/
