‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে আপত্তি, পুনর্বিবেচনার ইঙ্গিত দিল সরকার

by hsnalmahmud@gmail.com

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের গঠনের দিনকে ঘিরে এই দিবস ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন দলের নেতা ও নাগরিক সমাজের অনেকে।

তাদের বক্তব্য—‘নতুন বাংলাদেশ’-এর যাত্রা শুরু হয়েছিল ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই প্রকৃত দিবস হওয়া উচিত ৫ আগস্ট।

বিজ্ঞাপন
banner

এ নিয়ে জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন সংগঠন কড়া আপত্তি জানিয়েছে। পাশাপাশি ‘নতুন বাংলাদেশ’ নামে দিবস ঘোষণার সাংবিধানিক ও আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে।

ওদিকে সমালোচনার মুখে সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার চিন্তা করছে বলে জানিয়েছেন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “দিবসগুলো নিয়ে দুই-একদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে পুনর্বিবেচনার সিদ্ধান্ত আসতে পারে।”

প্রসঙ্গত, গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ ‘নতুন বাংলাদেশ দিবস’ ছাড়াও ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করে একটি পরিপত্র জারি করে।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে মন্তব্য করে বলেন, “৫ আগস্টই নতুন বাংলাদেশের সূচনা, ৮ আগস্ট নয়। এই দিনটিকেই যথাযথভাবে জাতীয় দিবস হিসেবে চিহ্নিত করা উচিত।”

এনসিপির তিন শীর্ষ নেতাও সরাসরি আপত্তি জানিয়েছেন এই ঘোষণার বিরুদ্ধে।
দলটির সদস্য সচিব আখতার হোসেন লিখেছেন, “নতুন বাংলাদেশ দিবস তখনই গ্রহণযোগ্য হবে, যেদিন ‘জুলাই সনদ’ আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে ঘোষণাপত্র বাস্তবায়িত হবে।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “নতুন বাংলাদেশের জন্ম ৫ আগস্টেই হয়েছে। সাধারণ ছাত্র-জনতার সেই ঐতিহাসিক অর্জনকে সরকার এখন নিজেদের করে নিতে চাইছে। আমরা এটি মেনে নেব না।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “৮ আগস্ট কোনো দ্বিতীয় স্বাধীনতার সূচনার দিন নয় বরং সেদিন থেকে বিপ্লবকে দুর্বল করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকৃত ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হওয়া উচিত ৫ আগস্ট।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222