ইসলামী আন্দোলনের কর্মীদের মৃত্যুতে জমিয়ত-খেলাফত মজলিসের গভীর শোক

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একাধিক নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মুন্সিগঞ্জের শ্রীনগর ও টাঙ্গাইলে সংগঠিত এসব দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের অন্তত ৬ জন দ্বীনি ভাই প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনার পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস পৃথক শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
banner

আজ শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

তারা বলেন, “এই দুঃখজনক ঘটনায় যারা নিহত হয়েছেন, আমরা তাদের শহীদ মনে করি এবং তাদের আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস লাভের জন্য দোয়া করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” শোকবার্তায় নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার ও ইসলামী আন্দোলনের সংশ্লিষ্ট সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অন্য দিকে, পৃথক এক শোকবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, “ইসলামী আন্দোলনের এই ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। ইনশাআল্লাহ, তাদের শাহাদাত শহীদের মর্যাদা লাভ করবে।”

তিনি আরও বলেন, “আমরা তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আশা করি, এই ত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের আরও দৃঢ় ও অপ্রতিরোধ্য করে তুলবে। বাংলাদেশ খেলাফত মজলিস এই শোকাবহ সময়ে শহীদদের পরিবার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে রয়েছে এবং সর্বপ্রকার সহযোগিতায় প্রস্তুত রয়েছে।”

এদিকে দ্বীনি আন্দোলনের পথে কর্মরত এই শহীদদের আত্মত্যাগ ইসলামী ঘরানার রাজনীতিতে এক গভীর প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ইসলামী দলগুলো ও তাদের কর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহতদের জান্নাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন চলছে বিভিন্ন জায়গায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222