ইরানে ক্যানসার হাসপাতালের পাশে বিমান হামলা, সরিয়ে নেয়া হলো ২১১ জন রোগীকে

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতালের অতি নিকটে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ এই হামলার তীব্র ঝাঁকুনি ও আতঙ্কে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে ২১১ জন রোগীকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ও অন্যান্য মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) হাসপাতালের পরিচালক রেজা বাজারের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, মার্কিন বিমান হামলার কারণে ‘বাঘায়ি স্পেশালাইজড হাসপাতাল’ কার্যত অচল হয়ে পড়েছে। হামলায় হাসপাতালের অভ্যন্তরে সরাসরি কোনো হতাহতের ঘটনা না ঘটলেও নিরাপত্তার চরম ঝুঁকির কারণে সব রোগীকে দ্রুততম সময়ে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

হাসপাতালের ব্যবস্থাপক ডা. মাজিদ বো’আজার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ২১১ জন রোগীকে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে বাধ্য হয়ে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালের এক প্রত্যক্ষদর্শী কর্মী জানান, তখন চারিদিকে ব্যাপক বোমাবর্ষণ হচ্ছিল। ভর্তি থাকা রোগীদের অনেকেই অক্সিজেন ও ভেন্টিলেটরের ওপর নির্ভরশীল ছিলেন। বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে কেউ শিশুদের কোলে নিয়ে, কেউ হাতে স্যালাইনের বোতল ধরে, আবার কেউ হুইলচেয়ারে করে জীবন বাঁচাতে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই আক্রমণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরায়েলি আগ্রাসনের কথা মনে করিয়ে দেয়, যার ফলে কেমোথেরাপি গ্রহণরত শত শত নিরপরাধ রোগী ও শিশু চরম ভোগান্তি ও প্রাণভয়ের মুখে পড়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল খালি করার এই স্পর্শকাতর ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এবং হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হাসপাতাল ছিল কি না, সে বিষয়েও ওয়াশিংটন মুখ খোলেনি। তবে মার্কিন সামরিক বাহিনী আজ নিশ্চিত করেছে যে, তারা ইরানের অভ্যন্তরে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই হামলার সময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছের কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং চাবাহার এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সামরিক বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হওয়া একটি তেলবাহী ট্যাংকারকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অচল করে দেওয়া হয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে পাল্টা আঘাত হেনেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার হুমকি অব্যাহত রাখে, তবে অঞ্চলজুড়ে থাকা সব মার্কিন অবকাঠামো ‘ইস্পাতের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হবে।’

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222