পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হতে পারে। আগামী ১২ অক্টোবর সোমবার হিজরি জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজানের আগমনে আর মাত্র চারটি চন্দ্র মাস বাকি থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় জ্যোতির্বিজ্ঞানীদের বরাতে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার (১০ অক্টোবর) সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাত সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সোমবার (১২ অক্টোবর) জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। তবে ধর্মীয় নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিক চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতর আগামী বছরের ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার হতে পারে। আল জারওয়ান উল্লেখ করেন, ইসলামি হিজরি বর্ষপঞ্জির অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো ধরনের বিশেষ যন্ত্রপাতি বা জটিল গাণিতিক হিসাব ছাড়াই চাঁদের পরিবর্তিত আকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে মাসের অগ্রগতি বোঝা যায়।
এদিকে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে কিছুটা ভিন্ন বিশ্লেষণ দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সূর্যাস্তের পর খালি চোখে কিংবা সাধারণ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে সূর্যাস্তের আগে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তির সাহায্যে চাঁদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হতে পারে।
শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের তথ্যমতে, যেসব দেশ বা অঞ্চল ইসলামি মাস নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অথবা হিসাবভিত্তিক চাঁদ দেখাকে প্রাধান্য দেয়, তারা সোমবার (১২ অক্টোবর) থেকে নতুন মাস গণনা শুরু করতে পারে। অন্যদিকে যেসব দেশ সূর্যাস্তের পর খালি চোখে বা সাধারণ দূরবীক্ষণ যন্ত্রে চাঁদ দেখা অপরিহার্য মনে করে, তাদের ক্ষেত্রে জমাদিউল আউয়াল মাস মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, শনিবার (১০ অক্টোবর) রাতে স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের কেন্দ্রীয় সংযোগ সম্পন্ন হয়। একই সময়ে শারজাহ অঞ্চলের জন্য ভূপৃষ্ঠকেন্দ্রিক সংযোগ রাত ৮টা ৪৭ মিনিটে সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে।
সূত্র : গালফ নিউজ, দ্য ন্যাশনাল,
