সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় দেশটিতে উল্লেখযোগ্যসংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (৯ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ভূমিকা প্রতিরক্ষামূলক।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের উদ্যোগের মধ্যেই এ ঘোষণা এলো। গত ৫ অক্টোবর রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠকে তিন দেশ সৌদি আরবে সম্মতিপ্রাপ্ত সামরিক বাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়।
বৈঠকে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিন দেশ।
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও ৮ অক্টোবর নিশ্চিত করেন, পাকিস্তানি সেনারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বিভিন্ন সামরিক দায়িত্ব পালন করছেন। তবে বর্তমানে কতজন সেনা মোতায়েন রয়েছেন এবং নতুন করে কত সেনা পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
