বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।
ম্যানেজিং কমিটির গঠন
নতুন প্রবিধানমালা অনুযায়ী, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটি পালন করবে। এতে থাকবেন—
- সভাপতি
- সাধারণ শিক্ষক প্রতিনিধি
- সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
- সাধারণ অভিভাবক প্রতিনিধি
- সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি
- প্রতিষ্ঠাতা প্রতিনিধি
- দাতা প্রতিনিধি
- বিদ্যোৎসাহী সদস্য
- কমিটির সদস্য সচিব হবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
সভাপতির যোগ্যতা
গেজেটে বলা হয়েছে, সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে।
শিক্ষক প্রতিনিধি
উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষকের মধ্য থেকে ভোটে নির্বাচিত হবেন দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি। নারী শিক্ষক থাকলে, নারী শিক্ষকদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হবেন একজন সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি।
অভিভাবক প্রতিনিধি
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি। একই শ্রেণির নারী অভিভাবকদের মধ্য থেকে ভোটে নির্বাচিত হবেন একজন সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি।
অন্যান্য প্রতিনিধি
- প্রতিষ্ঠাতা প্রতিনিধি: একাধিক প্রতিষ্ঠাতা থাকলে তাদের ভোটে নির্বাচিত একজন।
- দাতা প্রতিনিধি: একাধিক দাতা থাকলে তাদের ভোটে নির্বাচিত একজন।
- বিদ্যোৎসাহী সদস্য: বোর্ড কর্তৃক অনুমোদিত গভর্নিং বডির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা মনোনীত স্থানীয় একজন বিদ্যোৎসাহী ব্যক্তি।
হাআমা/
