পড়তে হবে বই
কই রে রিনা কই রেজিনা
রিংকু-রিয়াজ কই রে কই?
ঝগড়াঝাঁটি বাদ দিয়ে সব
দলবেঁধে আয় – পড়বি বই।
থাকবি কেন মলিন মুখে
হাসবি পুরো জীবনভর
মন যদি রয় অন্ধকারে
বন্ধ থাকে সৃজন-ঘর।
খুলতে হলে মনের দুয়ার
ভুলতে হবে শঙ্কা-লাজ
পড়তে হবে গ্রন্থরাজি
গল্প-ছড়া-কাব্য আজ।
নেতা
অলিগলি হেঁটে হেঁটে
জল-কাদা কেটে কেটে
ভোট এলে রাতদিন
সপ্তাহে সাতদিন
আমাদের নেতা সা’ব
ডেকে বলে, ‘হাত দিন।
ভাইসব, এইবার
অতীতটা বাদ দিন।
তেল দিমু বেল দিমু
সাথে দিমু গম
থাকবে না কারো কাছে
কোনো কিছু কম।
শিম পাবে ডিম পাবে
আরো পাবে ডাল
কালো-ধুলো যত আছে
করে দিমু লাল।’
অবশেষে ভোটে জিতে
যেই ধরে হাল
সবকিছু দেখেশুনে
হয় বেসামাল!
কেউ কিছু চাইলেই
বলে, ‘দিমু কাল।’
(এইভাবে প্রতারণা
আর কতকাল!)
১৬.০৯.২০০১
