প্রশাসনের ভেতরে হাসিনার প্রেতাত্মারা সক্রিয়: রিজভী

by Nur Alam Khan

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার প্রেতাত্মারা সরব হয়ে উঠেছে। তারা সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায় স্কুলছাত্র নাবিল ও তার দলকে বৈজ্ঞানিক গবেষণার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া অনুদান হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

রিজভী বলেন, ‘আজকের সংবাদপত্রে এসেছে শেখ হাসিনার নির্যাতন, নিষ্ঠুরতা এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়ে দিয়েছেন সে ঘটনায় যারা দায়ী, তাদের দেশ ছেড়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। পাসপোর্ট দফতরকে বলা হয়েছে, তাদের পাসপোর্ট দেওয়া যেতে পারে। অথচ অপরাধে দায়ী কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা তো গ্রিন সিগন্যাল পাওয়ার যোগ্য নয়। এর মানে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকজন শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য সক্রিয়।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণের শক্তির ওপরে বড় কোনো শক্তি নেই। জনগণের শক্তি ও ছাত্রজনতার আন্দোলনের কাছেই তারা পরাজিত হয়েছিল। এখন নতুন করে যত ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যানই করা হোক, তাদের পরাজয় অনিবার্য। দেশে গণতন্ত্র ফিরবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবেই।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্যই আমাদের ১৬ বছরের আন্দোলন। এখানে কাদা ছোড়াছুড়ির কিছু নেই। আমি আমার দল ও অবস্থান থেকে কথা বলবো। অন্য দলের কথা যদি আমার ভালো না লাগে তবে আমি শক্ত সমালোচনা করবো এটাই গণতন্ত্র, এটা গণতান্ত্রিক মূল্যবোধ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222