আফ্রিকার দেশ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দুইটি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) এক্সপ্রেস নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর, একুয়াতুর প্রদেশের বাসাঙ্কসু এলাকায়। সেখানে একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে ৮৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দ্বিতীয় ভয়াবহ দুর্ঘটনা ঘটে ১১ সেপ্টেম্বর কঙ্গো নদীর তীরে কলিলা এলাকায়। প্রায় ৫০০ যাত্রীবোঝাই একটি নৌকায় আগুন ধরে গেলে সেটি উল্টে যায়। এতে ১০৭ জন নিহত হন। প্রায় ২০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ১৫০ জন নিখোঁজ আছেন।
কঙ্গোর মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে নৌকাডুবি প্রায়ই ঘটে, যার প্রধান কারণ অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার অভাব।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
