ইউরোপের বেশ কয়েকটি বড় বিমানবন্দর সাইবার হামলার শিকার হয়েছে, ফলে যাত্রীদের ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়েছে। লন্ডনের হিথ্রো ও বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বহু ফ্লাইটে বিলম্ব ঘটছে এবং কিছু ফ্লাইট বাতিলও করতে হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চেক-ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের সফটওয়্যার এ সাইবার হামলা চালানো হয়, যার ফলে বিমানবন্দরগুলোর ইলেকট্রনিক সিস্টেম অচল হয়ে পড়ে। প্রতিষ্ঠানের মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, নির্দিষ্ট কিছু বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
ব্রাসেলস এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে স্বয়ংক্রিয় সিস্টেম বন্ধ হয়ে গেছে। ফলে যাত্রীদের ম্যানুয়াল চেক-ইন ও বোর্ডিংয়ের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে, যা সরাসরি ফ্লাইট শিডিউলে প্রভাব ফেলছে।
এছাড়া বার্লিন এয়ারপোর্টও সিস্টেমে বিঘ্নের বিষয়টি নিশ্চিত করেছে। তবে জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্র্যাঙ্কফুর্ট এবং সুইজারল্যান্ডের জুরিখ এয়ারপোর্ট এ হামলা থেকে অক্ষত রয়েছে।
ইউরোপীয় এয়ারলাইন ইজি জেট জানিয়েছে, তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে অন্য বড় এয়ারলাইনসগুলো এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
