স্পেনের উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ও চুক্তি বাতিল করে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইয়োলান্দা দিয়াস বলেন, ‘আমি বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে বলতে চাই, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, অথচ ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছে।’
শনিবার (৪ অক্টোবর) ডেইলি জং সূত্রে জানা গেছে, তিনি আরও বলেন, ‘যখন ইউরোপ দেখেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইউক্রেনে হামলা চালিয়েছেন, তখন রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু গাজার ক্ষেত্রে আমরা এমন কোনো পদক্ষেপ নিইনি। দুটি ঘটনার মধ্যে পার্থক্য কোথায়?’
স্পেনের উপ-প্রধানমন্ত্রী মনে করেন, ‘গাজার ঘটনা ইউক্রেনের মতোই, তাই ইউরোপের উচিত একে একটি দৃষ্টান্ত হিসেবে দেখা। সারা বিশ্বের মানুষ গাজার ন্যায়ের পক্ষে রাস্তায় নেমেছে। ইউরোপের বিশাল জনগোষ্ঠীও এই বিষয়ে আওয়াজ তুলছে, কিন্তু ইউরোপীয় কমিশন ও সাধারণ জনগণের অবস্থানের মধ্যে বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে।’
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
