বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে বহু বছর ধরেই চলছে স্কুল ক্রিকেট। এবার আরও বিস্তৃত পরিসরে প্রতিভা খুঁজে আনতে নতুন উদ্যোগের পরিকল্পনা করছে বোর্ড। মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সেলিব্রেশন নাইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন,
“এখনো বিস্তারিত আলোচনা হয়নি। পরিকল্পনা করছি—চেষ্টা করছি কীভাবে এটি বাস্তবায়ন করা যায়। ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি।”
কেন মাদ্রাসা ক্রিকেটের প্রয়োজনীয়তা অনুভব করছে বিসিবি, সে বিষয়ে বুলবুল বলেন,
“মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। তাদের ক্রিকেটের ফ্যান বানাতে চাই। সেখান থেকে কিছু ক্রিকেটারও পেতে পারি। তাদের জন্য সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।”
তিনি আরও জানান, বিসিবির লক্ষ্য দেশের সব বয়স ও সব সেক্টরের মানুষকে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করা। তাঁর ভাষায়, “আমরা চাই সবাইকে অন্তর্ভুক্ত করতে—যাতে দেশের প্রতিটি তরুণ ক্রিকেটের সুযোগ পায়।”
টিএইচএ/
