জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বহু আলোচিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা দেরিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিএনপি থেকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বাংলাদেশ জামায়াতে ইসলামি থেকে উপস্থিত হয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাকেও মঞ্চে দেখা গেছে।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, সনদের আইনি ভিত্তি এখনো পরিষ্কার নয়—এই যুক্তিতে তারা আজকের অনুষ্ঠানে স্বাক্ষর করবে না।
এর আগে দুপুরে সংসদ ভবনের সামনে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে জড়ো হওয়া কয়েকশ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া ও লাঠিচার্জ করে।
বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
হাআমা/
