যা বলা হয়েছে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায়

by hsnalmahmud@gmail.com

দীর্ঘ রাজনৈতিক সংলাপ ও ঐকমত্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’–এ সাত দফা অঙ্গীকার ঘোষণা করেছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করে।

অঙ্গীকারনামায় বলা হয়েছে—

বিজ্ঞাপন
banner

(১) গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও রক্তদানের চেতনায় প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

(২) জনগণ এই রাষ্ট্রের মালিক—এই নীতির ভিত্তিতে গণতান্ত্রিক ঐকমত্যের দলিল হিসেবে সনদটিকে সংবিধানে তফসিল আকারে বা উপযুক্তভাবে অন্তর্ভুক্ত করা হবে, যাতে জনগণের অভিপ্রায় সংবিধানিক মর্যাদা পায়।

(৩) সনদের বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা হবে না; বরং এর প্রতিটি ধাপ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

(৪) গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের জন্য ১৬ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম, বিশেষত ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের তাৎপর্যকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

(৫) গণঅভ্যুত্থানকালীন সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে সহায়তা নিশ্চিত করা হবে।

(৬) রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অঙ্গীকার: সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে আইন ও বিধির সংশোধন ও নতুন আইন প্রণয়ন করা হবে।

(৭) অবিলম্বে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তগুলো বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন দলের শীর্ষ নেতা।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ২৫টি দল।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী) এবং বাংলাদেশ জাসদ সনদে স্বাক্ষর করেনি।

এই সনদকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, “গণঅভ্যুত্থানের অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঐতিহাসিক দলিল”, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222